বিকল্পের অভাবেই টেস্ট দলে মুস্তাফিজ


bdnews24 news image
প্রধান নির্বাচক ফারুক আহমেদ স্বীকার করেছেন, মুস্তাফিজুর রহমানকে এখনই টেস্ট দলে নেওয়ার ইচ্ছে তাদের খুব একটা ছিল না। কিন্তু যথেষ্ট বিকল্প নেই বলেই বাধ্য হয়েছেন দলে নিতে। তরুণ পেসারকে পরিচর্যার ভারও টিম ম্যানেজমেন্টকে নিতে বলেছেন প্রধান নির্বাচক।
গত কিছুদিনে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করা মুস্তাফিজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলেও নেওয়া হয়েছে। ১৯ বছর বয়সী বাঁহাতি পেসারের প্রতিভা-সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এত দ্রুত টেস্ট দলে নেওয়া কতটা সমীচীন, সেই প্রশ্ন উঠেছে।
মুস্তাফিজের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ, এটা মানছেন ফারুকও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রধান নির্বাচক বলেছেন, বাধ্য হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
“যদি আরও অন্তত এক-দেড় বছর পরে আমরা মুস্তাফিজকে টেস্টে নিতাম, তাহলে আদর্শ হতো। কিন্তু মাঝেমধ্যে অনেক সিদ্ধান্ত নিতে হয় পরিস্থিতির চাপে। আমাদের হাতে টেস্টে যথেষ্ট ভালো পেসার নেই। বলতে পারেন বিকল্প না পেয়েই মুস্তাফিজকে নিতে বাধ্য হয়েছি আমরা।”
গত বিশ্বকাপ থেকে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের বিপ্লব হয়েছে বলা যায়। বাংলাদেশের সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সে বড় অবদানও আছে এই পেস আক্রমণের। ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ৪ পেসার খেলানোর অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং সফলও হয়েছে। কিন্তু মুস্তাফিজের প্রসঙ্গে প্রধান নির্বাচকের বক্তব্যে প্রদীপের নীচের অন্ধকারটাও চোখে পড়ছে। টেস্টে কাজ চালানোর মত পেসারই নেই বাংলাদেশের!
Mustafij 2.jpgবাস্তবতার তাগিদে মুস্তাফিজকে নেওয়া হলেও শঙ্কার জায়গাটি থেকেই যাচ্ছে। বড় একটা উদাহরণ তো হাতের কাছেই আছে। ক্যারিয়ারের শুরুতে অতি ব্যবহারেই চোটের সঙ্গে আজীবনের সখ্য গড়ে উঠেছিল মাশরাফি বিন মুর্তজার। মাশরাফির তরুণ শরীর ওই ভার বইতে না পেরে বিদ্রোহ করেছিল। যে কারণে মাশরাফির ক্যারিয়ারের গল্পটাই বদলে গেছে, ভুগতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটকেও। মাশরাফি ছাড়া তরুণ তালহা জুবায়ের, মোহাম্মদ শরীফদের মতো অমিত সম্ভাবনাময় নামগুলো হারিয়ে গেছে চোটের ছোবলে।
মুস্তাফিজকেও সেই পথে ঠেলে দেওয়া হচ্ছে না তো? তার শরীরও সুগঠিত নয় এখনও। টানা ক্রিকেট খেলার অভ্যাসও নেই। মানসিক চাপের ব্যাপার তো আছেই।
শঙ্কার জায়গাটায় একমত প্রধান নির্বাচকও। মুস্তাফিজকে তরতাজা রাখতে তাই টিম ম্যানেজমেন্টের বড় ভূমিকা দাবি করছেন ফারুক।
“আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টকে এই জায়গাটায় সতর্ক ধাকতে হবে। মুস্তাফিজকে প্রস্তুত রাখা, অতি ব্যবহারে ক্ষয় না করার ব্যপারে সতর্ক থাকতে হবে। খুব সাবধানে, যত্নের সঙ্গে সামলাতে হবে ওকে।”

Comments

Popular posts from this blog

রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন

শিশু গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত-স্ত্রী অভিযুক্ত