এক লাফে ৩৫ ধাপ এগোলেন সৌম্য।


bdnews24 news image
এক লাফেই অনেক ব্যাটসম্যানকে ছাড়িয়ে গেলেন সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকা সিরিজের পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে সৌম্য এখন ১৫ নম্বরে।
ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পঞ্চাশে থেকে সিরিজ শুরু করেছিলেন সৌম্য। প্রোটিয়াদের বিপক্ষে ৩ ম্যাচে বাংলাদেশের তরুণ এই উদ্বোধনী ব্যাটসম্যানের রান ২৭, অপরাজিত ৮৮ ও ৯০।
বৃহস্পতিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৬৭১ পয়েন্ট নিয়ে ৩৫ ধাপ এগিয়ে সৌম্য এখন ১৫ নম্বরে। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং তো বটেই, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখন শীর্ষে মাত্র ১৬ ওয়ানডে খেলা ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সৌম্যর পরে আছেন মুশফিকুর রহিম, ২১ নম্বরে। ২৯ নম্বরে আছেন তামিম ইকবাল, ৩১ নম্বরে সাকিব আল হাসান।
সিরিজে মাত্র একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩১ রান করা নাসির হোসেন এগিয়েছেন ১ ধাপ। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে এই অলরাউন্ডার এখন ৩৭ নম্বরে।
Rangking (2).jpg
ব্যাটসম্যানদের সেরা দশে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ সিরিজ না খেলা এবি ডি ভিলিয়ার্স আছেন এক নম্বরেই। বাংলাদেশে ৩ ওয়ানডেতে মাত্র ৫১ রান করলেও তিন নম্বর জায়গা ধরে রেখেছেন হাশিম আমলা।
বোলিংয়েও বাংলাদেশের জন্য আছে সুখবর। দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ ওয়ানডেতে ৩ উইকেট নেওয়া সাকিব ১ ধাপ এগিয়ে উঠেছেন ৭ নম্বরে। এই বাঁহাতি স্পিনার এখন ছয়ে থাকা মিচেল জনসনের ঘাড়ে নি:শ্বাস ফেলছেন। ৬৯০ রেটিং পয়েন্ট সাকিবের, ৬৯৩ জনসনের।
শেষ ওয়ানডেতে সাকিবের সঙ্গেই ২০০ ওয়ানডে উইকেট পূর্ণ করা মাশরাফি বিন মুর্তজা এগিয়েছেন ২ ধাপ। বাংলাদেশ অধিনায়ক এখন আছেন ২৬ নম্বরে।
বোলারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন মুস্তফিজুর রহমান। ভারত সিরিজে অভিষিক্ত এই তরুণ দক্ষিণ আফ্রিকা সিরিজেও দারুণ বল করেছেন। সিরিজে ৩ ম্যাচে ৫ উইকেট নেওয়া বাঁহাতি এই পেসার ১৯ ধাপ এগিয়ে উঠেছেন ৬৯ নম্বরে।
১৫ ধাপ এগিয়ে ৪০ নম্বরে এসেছেন রুবেল হোসেন। এমনকি বোলিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহও, আছেন ৭৫ নম্বরে। ইদানিং প্রায় নিয়মিত বোলার বনে যাওয়া নাসির হোসেন এগিয়েছেন ১৮ ধাপ, আছেন ক্যারিয়ার সেরা বোলিং র‌্যাঙ্কিংয়ে, ৯২তম স্থানে।
অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। দুইয়ে থাকা তিলকরত্নে দিলশানের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে তিনি।

Comments

Popular posts from this blog

রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন

শিশু গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত-স্ত্রী অভিযুক্ত