হ্যাটট্রিকের তৃতীয় সুযোগ হাতছাড়ায় হতাশ নন মুস্তাফিজ


bdnews24 news image
অভিষেক ওয়ানডেতেই হ্যাটট্রিক পেতে পারতেন মুস্তাফিজুর রহমান। পর পর তিন বলে উইকেট নেওয়ার সুযোগ এসেছিল নিজের প্রথম টেস্টেও। এবার তা হাতছাড়া হলেও হতাশ নন এই তরুণ।
গত মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচেই ৫০ রানে ৫ উইকেট নিয়ে দলকে জয় এনে দেন তিনি। সেই ম্যাচে ৩৭তম ওভারে পরপর দুই বলে সুরেশ রায়না ও রবিচন্দ্রন অশ্বিনকে বিদায় করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তিনি।
অফ স্টাম্পের বাইরে ফুল লেংথের বল থেকে এক রান নিয়ে মুস্তাফিজের হ্যাটট্রিক ঠেকিয়ে দেওয়া ভুবনেশ্বর কুমার। 
হ্যাটট্রিকের দ্বিতীয় সুযোগের জন্য বেশি দিন অপেক্ষ করতে হয়নি ১৯ বছর বয়সী মুস্তাফিজকে। দ্বিতীয় ওয়ানডেতেই সুযোগ এসে যায় তার।
৪০তম ওভারে মহেন্দ্র সিং ধোনি ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে সম্ভাবনা তৈরি করেন মুস্তাফিজ। কিন্তু এবারও হয়নি; ফুল লেংথ বলে এক রান নিয়ে তাকে হতাশ করেন অশ্বিন। পরের ওভারে অবশ্য অশ্বিনকেই বিদায় করেন মুস্তাফিজ।
হ্যাটট্রিক না হলেও ৪৩ রানে ৬ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো দলকে সিরিজ জেতান মুস্তাফিজ। দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে হইচই ফেলে দেওয়া এই পেসার অভিষেক টেস্টে ভাসতে পারতেন হ্যাটট্রিকের আনন্দে।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দিনে পরপর দুই বলে হাশিম আমলা ও জেপি দুমিনিকে আউট করেন মুস্তাফিজ।
পরের বলটি খেলতে আসেন কুইন্টন ডি কক। টেস্টের ইতিহাসে ৪১তম হ্যাটট্রিক হওয়াটা ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজে জানান, হ্যাটট্রিকের জন্য সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন তিনি কিন্তু হয়নি।
“বলটা যেভাবে করতে চেয়েছিলাম, সেটাই হয়েছে। কিন্তু ব্যাটসম্যান ভালো খেলেছে, উইকেট পাইনি।”
মুস্তাফিজের ইয়র্কার লেংথের বল ঠেকিয়ে দেন ডি কক, কিন্তু পরের বলেই তার অফ স্টাম্প উপড়ে আনন্দে ভাসেন এই বাঁহাতি পেসার।
চার বলে তিন উইকেট পাওয়াও কম বড় অর্জন নয়। টেস্টের ইতিহাসে এমন ঘটনা আছে সব মিলিয়ে ৩৮টি। মুস্তাফিজের আগে সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার শন পোলক। ১৯৯৭-৯৮ মৌসুমে ফয়সালাবাদে চার বলে তিন উইকেট নিয়েছিলেন তিনি।

Comments

Popular posts from this blog

রাহুল-রোহিত-কোহলির ব্যাটে ভারতের দিন

শিশু গৃহকর্মী নির্যাতনে ক্রিকেটার শাহাদাত-স্ত্রী অভিযুক্ত